বিজ্ঞাপন
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির সেনাবাহিনী পরিচালিত একটি 'হারকিউলিস সি-১৩০' কার্গো উড়োজাহাজ নতুন ছাপানো নোট নিয়ে রাজধানী সংলগ্ন এল আলতো বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অবতরণের আগ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে বিচ্যুত হয়ে সেটি পাশের মহাসড়কে আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়।
বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিটের প্রধান পাভেল তোভার সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বিমানের আরোহী এবং কতজন সড়কে থাকা যানবাহনের যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরার তথ্যমতে, বিধ্বস্ত কার্গো বিমানটিতে মোট ৬ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হলেও বাকি ২ জন এখনও নিখোঁজ রয়েছেন। বিমানটি দেশটির পূর্বাঞ্চলীয় শহর সন্তা ক্রুজ থেকে এল আলতো শহরের দিকে আসছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর মহাসড়কে অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমান থেকে ছিটকে পড়া নোটগুলো কুড়িয়ে নিতে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। দুর্ঘটনাস্থল জুড়ে বলিভিয়ান মুদ্রা 'বলিভিয়ানো' ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
তবে এসব নোট সাধারণ মানুষের কোনো কাজে আসবে না বলে সতর্ক করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা। তিনি জানান, বিমানটিতে থাকা নোটগুলোতে এখনও সিরিয়াল নম্বর বসানো হয়নি। কেন্দ্রীয় ব্যাংকে মূলত সিরিয়াল নম্বর বসানোর জন্যই নোটগুলো আনা হচ্ছিল, তাই এগুলো বর্তমানে বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে গণ্য হবে না।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযান ও তদন্ত কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...