Logo Logo

প্রধানমন্ত্রী

শপথ করি যেন, আমাদের কাজগুলো মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়


Splash Image

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ অনেক আশা ও আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রী তার বক্তব্যে আগামী দিনের সকল কর্মকাণ্ড যেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য হয়, সেজন্য আল্লাহর কাছে তৌফিক ও রহমত প্রার্থনা করেন। ইফতার মাহফিলে উপস্থিত সকলের উদ্দেশে তিনি বলেন, আজকের এই পবিত্র আয়োজনে আমরা যেন আল্লাহর নামে এই শপথ গ্রহণ করি যে, আমাদের প্রতিটি কাজ দেশের সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করা হবে।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখানে একত্রিত হয়েছি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবনদান, গুম, খুন এবং অবর্ণনীয় নির্যাতনের শিকার হওয়ার পর দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সুযোগ দেওয়ার জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজ দেশে বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার পরিবেশ তৈরি হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের পথচলা শুরু হয়েছে, তাকে অর্থবহ করতে এবং জনগণের আস্থার প্রতিদান দিতে সরকার ও রাজনৈতিক দলগুলোকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় এবং কারি বেলাল হোসাইনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

এই ইফতার মাহফিলে সরকারের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য ও শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি, আইনজীবী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...