Logo Logo

আগামী স্থানীয় নির্বাচনে বাকেরগঞ্জের ভোটারদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত নেতা ফখরুদ্দিন রাযির


Splash Image

আগামী স্থানীয় পর্যায়ের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটারদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাযি।


বিজ্ঞাপন


১ মার্চ (রবিবার) বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ফখরুদ্দিন খান রাযি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী সর্বদা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস করে। তিনি দাবি করেন, বর্তমান জাতীয় সংসদে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী ভূমিকা পালন করছে। আগামীতে সরকারের সকল উন্নয়নমূলক কাজের সহযোগী হিসেবে জনগণের পাশে থাকতে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি ভোটার ও প্রার্থীদের প্রস্তুতি নিতে বলেন।

তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রের সঠিক উন্নয়নের জন্য সরকার এবং বিরোধী দলের মধ্যে সমন্বয় সাধন অত্যন্ত জরুরি। সরকার যদি রাষ্ট্র পরিচালনায় বিরোধী দল হিসেবে জামায়াতের সহযোগিতা গ্রহণ করে, তবেই একটি সুন্দর, সাবলীল ও কল্যাণময় রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এই জামায়াত নেতা একটি উদাহরণ টেনে বলেন, সাইকেলের সামনের চাকা ঘোরানোর জন্য যেমন পেছনের চাকা ঘোরানো প্রয়োজন, তেমনি রাষ্ট্রের উন্নয়নের গতিশীলতা আনতে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা অপরিহার্য।

গারুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নিজাম উদ্দীন খানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা আনোয়ার হোসেনের ব্যবস্থাপনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এবং উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...