Logo Logo

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর


Splash Image

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টাঙানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক বিরক্তি প্রকাশ করেন। তিনি সেটি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন, যা সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো কোম্পানি বা ব্যক্তি যেন বিলবোর্ডে অভিনন্দন জানিয়ে তার ছবি ব্যবহার না করেন।

সরকারি কাজের প্রচারের চেয়ে ব্যক্তিগত স্তুতির দিকে নজর দেওয়াকে কঠোরভাবে নিরুৎসাহিত করছেন প্রধানমন্ত্রী। এর আগেও বিজয় সরণি এলাকায় একটি এলইডি স্ক্রিনে অভিনন্দন বার্তা দেখে তিনি তা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য, আজ সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে দিনের কাজ শুরু করেন তিনি। সেখানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেন। বিশেষ করে জলদস্যুতা রোধ, মানবপাচার ও অবৈধ চোরাচালান বন্ধে নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দেন তিনি। এছাড়া দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। প্রটোকল বা রাস্তা বন্ধ না করে সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলায় যানবাহনের গতি বৃদ্ধি পেয়েছে। গত ১৪ দিনের পরিসংখ্যানে দেখা গেছে, রাজধানীর গড় গতিবেগ ঘণ্টায় ৪.৫ কিলোমিটার থেকে বেড়ে ৫.৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রপতি ও মন্ত্রীরা এই নিয়ম অনুসরণ করায় সাধারণ মানুষ সুফল পেতে শুরু করেছে।

বাজার পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী সজাগ রয়েছেন। গত সোমবার 'মোটা চালের' দাম বৃদ্ধির সংবাদ নজরে এলে তিনি তৎক্ষণাৎ খাদ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর ফলে খুচরা বাজারে চালের দামের ওপর ইতিবাচক প্রভাব পড়েছে। জনসাধারণের দুর্ভোগ কমাতে কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...