স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান, সংসদের কার্যপ্রণালী বিধি (রুলস অব প্রসিডিউর), সংসদীয় রীতি ও ঐতিহ্য নিয়ে নির্বাচিত সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোতে সংসদীয় যে চর্চা রয়েছে, তার আলোকে আমাদের সদস্যদের গড়ে তোলা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন যে, আগামী সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি কার্যকর সংসদ উপহার দেওয়া সম্ভব হবে।
সংসদে অতীতে যে ধরনের নেতিবাচক পরিবেশ তৈরি হয়েছিল, তা মানুষের মন থেকে মুছে ফেলার অঙ্গীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "নতুন সংসদ সদস্যরা ফ্রেশ মাইন্ড নিয়ে যাত্রা শুরু করবেন। তাদের মধ্যে যাতে কোনো নেতিবাচক সংস্কৃতি প্রবেশ করতে না পারে, বরং সতেজ ও ইতিবাচক চর্চা শুরু হয়, সেভাবেই আমরা নবীনদের প্রস্তুত করছি।"
উল্লেখ্য, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপির প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দুই দিনের এই কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যরা প্রশিক্ষণ প্রদান করছেন। প্রশিক্ষণে সংসদীয় আচার-আচরণ ছাড়াও মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার সকালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন এবং বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। মূলত জনপ্রত্যাশা পূরণ এবং সংসদীয় কার্যক্রমে দক্ষতা নিশ্চিত করতেই দলটির পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...