Logo Logo

রিক্সা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়

গোপালগঞ্জে অটোরিক্সা চালক আবির হত্যার রহস্য উদঘাটন


Splash Image

ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে গোপালগঞ্জে কিশোর আবির সাহাকে (১৫) ইয়াবা সেবনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর পরিচয় গোপন করতে ব্যাটারির অ্যাসিড দিয়ে তার মুখ ঝলসে দেয় তারই তিন মাদকসেবী বন্ধু।


বিজ্ঞাপন


গোপালগঞ্জ জেলা পুলিশের মিডিয়া গ্রুপ থেকে শনিবার (১৪ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তথ্য প্রযুক্তির পাশাপাশি সোর্স নিয়োগ করা হয়। গত ১২ মার্চ শহরতলীর ঘোষেরচর গ্রামের সিহাব শেখকে (২২) গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসে। সিহাবের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইফুল ইসলাম শেখ ওরফে রসুলকে (২৫) গ্রেফতার করা হয়। এই ঘটনায় জড়িত আরও এক আসামি বর্তমানে পলাতক রয়েছে।

আসামি সিহাবের ভাষ্যমতে, গত ৩০ নভেম্বর আবির সাহার রিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে তার তিন বন্ধু। ইয়াবা সেবনের প্রলোভন দেখিয়ে আবিরকে ঘোষেরচর উত্তরপাড়ার একটি বাঁশবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে সবাই মিলে মাদক সেবনের একপর্যায়ে পলাতক আসামি রিকশার ব্যাটারি খোলার চেষ্টা করলে আবির বাধা দেয়। তখন জ্যাকেটের ফিতা দিয়ে গলায় ফাঁস দিয়ে এবং হাত-পা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে পরিচয় লুকাতে রিকশার ব্যাটারির অ্যাসিড দিয়ে আবিরের মুখ ঝলসে দেওয়া হয়।

হত্যাকাণ্ডের পর রিকশাটি ছিনতাই করে এর পার্টস বিভিন্ন জায়গায় বিক্রি করে টাকা ভাগ করে নেয় তারা। সিহাবের স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ ছিনতাইকৃত রিকশার দুটি ব্যাটারি উদ্ধার করেছে। নিখোঁজের সাত দিন পর গত ৬ ডিসেম্বর ওই বাঁশবাগান থেকে আবিরের লাশ উদ্ধার করেছিল পুলিশ।

এ ঘটনায় আবির সাহার মা অনিতা বালা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন কুমার সাহা অত্যন্ত বিচক্ষণতার সাথে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেন। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...