Logo Logo

চাঞ্চল্যকর অডিও ফাঁস

যেভাবে কয়েক সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি


Splash Image

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ পর্যায়ের কয়েক ডজন কর্মকর্তা নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম ধাপের এই হামলার মূল লক্ষ্য ছিল খামেনির আবাস ও কর্মস্থল হিসেবে পরিচিত বিশেষ কম্পাউন্ডটি। ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে খামেনি ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন খামেনির দ্বিতীয় ছেলে ও বর্তমান নেতা মোজতবা খামেনি।

সোমবার (১৬ মার্চ) প্রকাশিত টেলিগ্রাফের ওই প্রতিবেদনে মোজতবা খামেনির প্রাণে বেঁচে যাওয়ার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র আঘাত হানার মাত্র কয়েক মিনিট আগে মোজতবা খামেনি দৈবক্রমে ঘর থেকে বের হয়ে বাগানে হাঁটতে গিয়েছিলেন।

টেলিগ্রাফ কর্তৃক সংগৃহীত ও নিরপেক্ষভাবে যাচাইকৃত একটি অডিও ফাইলে এই ঘটনার বিস্তারিত প্রমাণ পাওয়া গেছে। ওই অডিওতে খামেনির কার্যালয়ের প্রটোকল প্রধান মাজাহের হোসেইনি জ্যেষ্ঠ ধর্মীয় নেতা ও আইআরজিসি কমান্ডারদের কাছে সেদিনের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন।

মাজাহের হোসেইনির ভাষ্যমতে, হামলার ঠিক আগ মুহূর্তে ‘কিছু একটা করার জন্য’ কক্ষ থেকে বের হন মোজতবা। এর কয়েক সেকেন্ড পরেই স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে ইসরায়েলের ‘ব্লু স্প্যারো’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তাঁর বাড়িতে আঘাত হানে। মোজতবা সরাসরি আঘাতের মুখে না পড়লেও তাঁর পায়ে গুরুতর ক্ষত তৈরি হয়। তবে এই ভয়াবহ হামলায় মোজতবার স্ত্রী, সন্তান এবং তাঁর শ্যালক নিহত হয়েছেন। শ্যালকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো বীভৎস পরিস্থিতি তৈরি হয় সে সময়।

হামলায় খামেনির সামরিক ব্যুরোর প্রধান মোহাম্মদ সিরাজি সম্পূর্ণ ‘ছিন্নভিন্ন’ হয়ে যান বলে অডিওতে উল্লেখ করা হয়। পরবর্তীতে তাঁর মরদেহ শনাক্ত করার মতো কোনো পরিস্থিতি ছিল না।

এদিকে মোজতবা খামেনি বেঁচে গেলেও তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর রহস্য তৈরি হয়েছে। ইরানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সামরিক কমান্ডারদের কাছে মোজতবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই।

সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, মোজতবা খামেনি হয়তো আর বেঁচে নেই। তিনি আরও উল্লেখ করেন যে, মোজতবা যদি জীবিতও থাকেন, তবে তিনি অত্যন্ত গুরুতর অবস্থায় কোমায় রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...