বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) গভীর রাতে হঠাৎ ঝড়ের তীব্রতায় উড়ে গেছে টিনের চাল, ভেঙে পড়েছে দোকানের কাঠামো এবং নষ্ট হয়ে গেছে ব্যবসায়ীদের মালামাল। এতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩৩ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড়ে মুহূর্তেই পুরো এলাকা তছনছ হয়ে যায়। অনেক ব্যবসায়ী ঘুম থেকে উঠে কিছু বুঝে ওঠার আগেই তাদের দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়। লেবুরবন এলাকার শুটকি, আচার, মাছ ফ্রাই দোকান, জেলেবাসাসহ অন্তত ৩৫টি ঘর লন্ডভন্ড হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাসির জোমাদ্দার বলেন, রাতে হঠাৎ ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই দোকানের টিন উড়ে যায়। সকালে দেখি সব শেষ—মালামাল নষ্ট, দোকান ভেঙে গেছে। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, আমাদের জীবিকার একমাত্র অবলম্বন এই দোকান। ঝড়ে সব ধ্বংস হয়ে গেছে। এখন আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছি। সরকারের সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানো কঠিন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ বলেন, ঘটনাটি আমরা জেনেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...