Logo Logo

ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী


Splash Image

ঢাকা-হাতিয়া নৌরুটে প্রবল ঝড়ের কবলে পড়ে চরে আটকে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চের শতাধিক যাত্রীকে দীর্ঘ ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল অত্যন্ত সতর্কতার সাথে সব যাত্রীকে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে পৌঁছে দেয়।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় যাত্রীবাহী লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাত্রাপথে রাতের শেষ ভাগে ইলিশা ঘাটের অদূরে আকস্মিক ঝড়ের মুখে পড়ে লঞ্চটি। ঝোড়ো হাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি চরভৈরবী এলাকার একটি ডুবোচরে উঠে আটকা পড়ে।

বিপজ্জনক পরিস্থিতিতে লঞ্চটি আটকা পড়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গভীর রাত থেকে পরদিন বিকেল পর্যন্ত তারা চরেই অবস্থান করতে বাধ্য হন। মঙ্গলবার জোয়ার এলেও নদীতে পর্যাপ্ত পানি না থাকায় লঞ্চটি সরানো সম্ভব হয়নি। পরবর্তীতে আটকে পড়া যাত্রীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্যের আবেদন জানান।

খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার অধীনস্থ কালিগঞ্জ স্টেশনের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথের নেতৃত্বে পরিচালিত এই উদ্ধার অভিযানে দীর্ঘ চেষ্টার পর আটকে পড়া সব যাত্রীকে লঞ্চ থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

উদ্ধার হওয়া যাত্রীরা কোস্টগার্ডের এই সময়োচিত পদক্ষেপের প্রশংসা করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের পরবর্তী গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...