বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে কলাপাড়া পৌর শহরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মৃত সোহাগ পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার নতুন বাজার এলাকার বারেক সরদারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সোহাগ প্রায় এক মাস আগে তাঁর শ্বশুরবাড়ি আমতলী থেকে ব্যবসার উদ্দেশ্যে কলাপাড়ায় আসেন। তিনি কলাপাড়া পৌর শহরে ঘুরে ঘুরে কাপড় ও কাঁচের মালামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সর্বশেষ তিন দিন আগে তাঁর স্ত্রী শিউলী বেগমের সঙ্গে মুঠোফোনে শেষ কথা হয়েছিল তাঁর। বুধবার রাতে স্থানীয়রা ওই বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে বন্ধ থাকা দরজা ভেঙে দোতলা থেকে লাশটি উদ্ধার করে।
বাসার মালিক মোহাম্মদ লিটন জানান, এক মাস আগে সোহাগ তাঁর বাসায় একা ভাড়াটিয়া হিসেবে ওঠেন। ঈদের পর তাঁর স্ত্রীকে নিয়ে আসার কথা ছিল। তিনি বাসার দোতলায় থাকতেন এবং সেখানেই তাঁর ব্যবসার মালামাল রাখতেন।
মৃতের স্ত্রী শিউলী বেগম কান্নায় ভেঙে পড়ে জানান, শবে কদরের তিন দিন আগে সোহাগ কলাপাড়ায় এসেছিলেন। ঈদের আগে বাড়িতে যাওয়ার কথা থাকলেও আজ তাঁর পচা-গলা লাশ দেখতে হলো। তাঁর স্বামী কীভাবে মারা গেছেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে অন্তত চার-পাঁচ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। লাশের অধিকাংশ স্থানে পচন ধরায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...