Logo Logo

গোপালগঞ্জে চাঁদা না দেওয়ায় শ্রমিক নেতার ওপর হামলার অভিযোগ


Splash Image

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাইদ।

গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা এলাকায় চাঁদা না দেওয়ায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাইদের ওপর হামলার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের পুলিশ লাইন্স মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী কাজী সাইদ জানান, একই এলাকার মুন্নু কাজীর ছেলে কাজী মাসুদ দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এর আগেও একবার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তাঁকে মারধরের চেষ্টা করা হয়েছিল। সে সময় স্থানীয়রা এগিয়ে এলে তিনি রক্ষা পান। ওই সময়ও তাঁর কাছে প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

সর্বশেষ ঘটনার বর্ণনা দিয়ে কাজী সাইদ বলেন, "আজ দুপুরে পুলিশ লাইন্স মোড়ে নামার পর কাজী মাসুদ পুনরায় আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে জোরপূর্বক পুলিশ লাইন্সের পেছনে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে মারধর করে। এ সময় আমার পকেটে থাকা নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় তারা।"

হামলার সময় মাসুদের সঙ্গে অজ্ঞাত আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিল বলে জানা গেছে। তাদের সম্মিলিত হামলায় কাজী সাইদ গুরুত্বর আহত হলে স্থানীয় দোলা পাম্পের ম্যানেজার জাহিদসহ আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় কাজী সাইদ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

মোটর শ্রমিক ইউনিয়নের এই নেতার ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...