বিজ্ঞাপন
নদীবেষ্টিত বাকেরগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি আকর্ষণীয় সেতু রয়েছে, যা পর্যটকদের বরাবরই আকৃষ্ট করে। সরজমিনে দেখা গেছে, উপজেলার তুলাতলী সেতু, পায়রা সেতু, গোমা সেতু ও পেয়ারপুর সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসব স্থানে ভিড় জমাচ্ছেন।
যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে নারীর টানে শিকড়ের সন্ধানে গ্রামে আসা মানুষগুলো একটু প্রশান্তির নিশ্বাস নিতে ছুটে আসছেন জন্মভিটার পার্শ্ববর্তী এসব সেতুতে। বিশেষ করে বাকেরগঞ্জ ও দুমকী উপজেলার মধ্যবর্তী পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতুটি এখন এ অঞ্চলের অন্যতম প্রধান বিনোদন স্পট। অন্যদিকে, দুধল ও চরাদী ইউনিয়ন সংলগ্ন রাঙ্গামাটিয়া নদীর ওপর সদ্য নির্মিত গোমা সেতুটিও নজর কেড়েছে আবালবৃদ্ধবনিতার। সেতুর চারপাশ ও সংলগ্ন মাঠ এখন উৎসবের আমেজে প্রাণবন্ত।
ঈদকে কেন্দ্র করে এসব সেতু ও নদীর তীরবর্তী খোলা জায়গায় হরেক রকমের ভ্রাম্যমাণ খাবারের দোকান এবং শিশুদের খেলনার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দর্শনার্থীদের ভিড় বাড়ায় বেচাকেনাও জমে উঠেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত বিনোদনপ্রেমীদের এই আনন্দ উৎসব ও পদচারণা আরও কয়েক দিন অব্যাহত থাকবে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...