Logo Logo

টুঙ্গিপাড়ায় ২ হাজার লিটার ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবৈধভাবে ডিজেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন টুঙ্গিপাড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাটগাতী বাসস্ট্যান্ডের ‘আল আমিন স্টোর’-এ অভিযান চালানো হয়। অভিযানে ২ হাজার লিটার ডিজেল অবৈধভাবে মজুদ করে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়া যায়।

মজুদদারির অপরাধ প্রমাণিত হওয়ায় দোকানের মালিক আহাদ শেখকে পেট্রোলিয়াম আইনের সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুদকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার সংবাদমাধ্যমকে বলেন, “যে সকল অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তেল মজুদের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।”

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় বাজার তদারকি কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ ক্রেতা ও পরিবহন শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...