Logo Logo

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখ লাখ মানুষ


Splash Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অভিবাসন নীতি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধংদেহী অবস্থানের প্রতিবাদে গত শনিবার দেশটির বিভিন্ন শহরে নজিরবিহীন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো কিংস’ (No Kings) নামে পরিচিত এই কর্মসূচির তৃতীয় দফায় অংশ নিয়েছেন লাখ লাখ মার্কিনি। আয়োজকদের দাবি, আগের দুটি বিক্ষোভের তুলনায় এবার জনসমাগম ছিল সব রেকর্ড ভাঙা।


বিজ্ঞাপন


এদিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রায় ৩ হাজার ২০০টি স্থানে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল। নিউইয়র্ক, টেক্সাসের ডালাস, পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া এবং ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বড় বড় মিছিল অনুষ্ঠিত হয়। তবে এবারের বিশেষত্ব ছিল বড় শহরের বাইরে ছোট ছোট শহরগুলোতে বিক্ষোভকারীর সংখ্যা গত বছরের জুনের তুলনায় প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মিনেসোটা অঙ্গরাজ্যের রাজধানী সেন্ট পলে অনুষ্ঠিত বিশাল মিছিলে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সেখানে বিক্ষোভকারীরা ইমিগ্রেশন কর্মকর্তাদের গুলিতে নিহত রেনি গুড ও অ্যালেক্স প্রেটির ছবি সংবলিত পোস্টার প্রদর্শন করেন।

জনসভায় মিনেসোটার গভর্নর টিম ওয়ালৎস বলেন, “আমরা মানবিকতা, শালীনতা এবং গণতন্ত্র দ্বারা প্রভাবিত হয়েই স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমেছি।” সিনেটর বার্নি স্যান্ডার্সও সেখানে যোগ দিয়ে দেশটিকে অলিগার্ক বা স্বৈরাচারীদের হাতে ছেড়ে না দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউইয়র্কের ম্যানহাটানে প্রায় এক লাখ মানুষের মিছিলে নেতৃত্ব দেন প্রখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। তিনি বলেন, “ট্রাম্পের আগে আর কোনো প্রেসিডেন্ট আমাদের স্বাধীনতা ও নিরাপত্তাকে এমন অস্তিত্বের সংকটে ফেলেননি।”

বিক্ষোভকারী ৫৪ বছর বয়সী হলি বেমিস আমেরিকান বিপ্লবের তুলনা টেনে বলেন, “আমাদের পূর্বপুরুষেরা রাজাদের বিরুদ্ধে লড়েছিলেন, আমরাও আজ স্বাধীনতার জন্য ঠিক সেই কাজটিই করছি।”

ওয়াশিংটনের ন্যাশনাল মলে জড়ো হওয়া হাজার হাজার মানুষ গণতন্ত্রের সমর্থনে স্লোগান দেন। মেরিল্যান্ডে হুইলচেয়ারে বসে একদল বয়স্ক মানুষকেও ‘স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ’ গড়ার প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে দেখা গেছে।

লস অ্যাঞ্জেলেসের মিছিলে অংশ নিয়ে অবসরপ্রাপ্ত টেরেসা গানেন অভিযোগ করেন, ট্রাম্প সাধারণ মার্কিনিদের সম্পদ কেড়ে নিয়ে নিজেকে আরও ধনী করতে সচেষ্ট।

বিক্ষোভ চলাকালীন কিছু স্থানে সংঘাতের খবরও পাওয়া গেছে। টেক্সাসের ডালাসে ‘নো কিংস’ সমর্থকদের সঙ্গে ট্রাম্পপন্থীদের সংঘর্ষ বাধে। অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসে ফেডারেল কারাগারের সামনে থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, একটি ফেডারেল ভবন ঘিরে রাখার সময় আইন প্রয়োগকারী সংস্থার ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশও এলাকা ত্যাগ না করায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে হেফাজতে নিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...