বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে হক সুপার মার্কেটের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা নিজেদের দোকানের মালামাল রক্ষার চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয় জনতাও আগুন নেভানোর কাজে অংশ নেন। প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই অগ্নিকাণ্ডে হক সুপার মার্কেটের অন্তত ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া ট্রাফিক পয়েন্ট এলাকার আরও কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভস্মীভূত দোকানগুলোর মধ্যে জুতা, ইলেকট্রনিক্স সামগ্রীসহ বিভিন্ন মূল্যবান মালামালের দোকান ছিল।
ব্যবসায়ীরা জানান, সামনে ঈদকে লক্ষ্য করে অনেকেই নতুন মালামাল তুলেছিলেন, যা নিমেষেই ছাই হয়ে গেছে। এতে তাদের জীবনের সঞ্চয় হারিয়ে তারা এখন দিশেহারা।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং আগুনের সঠিক কারণ অনুসন্ধানসহ ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও, তদন্ত শেষেই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...