বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে স্থানীয় নাজেম মৃধার বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “বর্তমানে শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এই মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ থেকে শিশুদের রক্ষা করতেই সরকার দেশব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। এ ক্ষেত্রে টিকার কোনো ঘাটতি হবে না বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।”
উপদেষ্টা আরও বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সর্বোচ্চ সচেতন হতে হবে। কোনো শিশুই যেন এই টিকাদান ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এবং জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমী আক্তার। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই স্থানীয় শিশুদের নির্ধারিত টিকা প্রদানের মাধ্যমে মাঠ পর্যায়ে এই কার্যক্রম শুরু করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...