Logo Logo

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের


Splash Image

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির ঘটনায় দক্ষিণ এশিয়ায় এক নতুন সংকট তৈরি হয়েছে। কয়েক দিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দেওয়া কঠোর হুঁশিয়ারির জবাবে এবার সরাসরি কলকাতায় হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।


বিজ্ঞাপন


জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির বার্ষিকীর প্রাক্কালে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে এই বাকযুদ্ধ নতুন মাত্রা পেল।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক অনুষ্ঠানে সতর্ক করে দিয়েছিলেন যে, ভারতের মাটিতে কোনো সন্ত্রাসী হামলা হলে পাকিস্তানকে নজিরবিহীন ও চূড়ান্ত পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

এর জবাবে খাজা আসিফ বলেন, “ভারত যদি এবার কোনো ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ (সাজানো হামলা) চালানোর চেষ্টা করে, তবে ইনশাআল্লাহ আমরা তার জবাব কলকাতা পর্যন্ত নিয়ে যাব।”

পাক প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, ভারত ‘নিজেদের লোক অথবা বন্দি পাকিস্তানিদের’ জড়িয়ে একটি সম্ভাব্য সাজানো অপারেশন চালিয়ে তার দায় সন্ত্রাসবাদের ওপর চাপাতে পারে। তিনি দাবি করেন, মৃতদেহ ফেলে রেখে সেটিকে সন্ত্রাসবাদ হিসেবে প্রচার করা হতে পারে, যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

খাজা আসিফ আরও বলেন, দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধের অবকাশ আছে ভাবা অকল্পনীয়। তবে ভারতের যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের ‘দ্রুত’ ও ‘পরিমিত’ জবাব দেওয়ার বিষয়ে তিনি সতর্ক করে দেন।

তিনি স্পষ্ট করে বলেন, “কোনো অস্পষ্টতা থাকতে দেবেন না। পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার সংকল্প নিরঙ্কুশ এবং আমাদের প্রস্তুতি পূর্ণাঙ্গ।”

খাজা আসিফের সরাসরি কলকাতার নাম উল্লেখ করে দেওয়া এই নজিরবিহীন হুমকির বিষয়ে ভারত সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে রাজনাথ সিং উরি, পুলওয়ামা এবং পেহেলগাম ঘটনার প্রতিশোধ হিসেবে ভারতের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছিলেন। দুই দেশের এই উত্তপ্ত বাক্যবিনিময় আঞ্চলিক স্থিতিশীলতাকে আবারও গভীর ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...