বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ’র নেতৃত্বে কুশলা বাজারের পশ্চিম পাশের খালে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকার প্রভাবশালী ব্যক্তি ফারুক শেখ, ইউছুপ শেখ, মিলন ফকির, মিজান শেখ ও সামচুল শেখসহ আরও কয়েকজন মিলে খালের মাঝখানে বাঁশের বেড়া দিয়ে অবৈধভাবে দখল করে নিয়েছিলেন। এর ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং খালের বিশাল একটি অংশ দখলমুক্ত করে।
অভিযান চলাকালীন দেখা যায়, খালের বিভিন্ন স্থানে এখনো বেশ কিছু পাকা ভবন ও দোকান ঘর রয়ে গেছে। এলাকাবাসীর দাবি, শুধুমাত্র বাঁশের বেড়া নয়, খালের ওপর নির্মিত সকল স্থায়ী স্থাপনা উচ্ছেদ করে দ্রুত সময়ের মধ্যে পুরো খালটি খনন করা প্রয়োজন। এতে এলাকার কৃষি ও পরিবেশ রক্ষা পাবে।
কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু বলেন, “এই খালটি এলাকার চাষাবাদ ও সেচ কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালের বিভিন্ন স্থানে এখনো অনেকে দখল করে আছে। আমি পুরো খালটি সম্পূর্ণ দখলমুক্ত করে দ্রুত খননের দাবি জানাচ্ছি। এতে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকরা উপকৃত হবেন।”
এ বিষয়ে দখলদারদের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ জানান, এটি একটি গুরুত্বপূর্ণ প্রবাহমান খাল। কতিপয় ব্যক্তি স্বার্থান্বেষী উদ্দেশ্যে এটি দখল করে রেখেছিল। খালটি ভরাট বা দখল হলে পার্শ্ববর্তী ৭-৮টি গ্রামের কৃষি কাজ মারাত্মকভাবে ব্যাহত হবে। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান পুরো উপজেলা ব্যাপী অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...