Logo Logo

পেট্রলে রঙ মিশিয়ে নকল অকটেন, ২ হাজার লিটার জ্বালানি উদ্ধার


Splash Image

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন (সংগৃহীত)

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মোট ২ হাজার ১২৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


অভিযান চলাকালে পেট্রলের রঙ পরিবর্তন করে নকল অকটেন তৈরি করার তথ্যও পাওয়া গেছে, যা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার মধ্যরাতে জুড়ী উপজেলার সমাই বাজারের মেসার্স ইউনিক ট্রেডার্স প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার।

প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তেল মজুতের বিষয়টি অস্বীকার করলেও তল্লাশিতে ৬০০ লিটার ডিজেল, ৭৫০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। একই সঙ্গে পেট্রলের রঙ পরিবর্তনের কাজে ব্যবহৃত উপকরণও জব্দ করা হয়।

অবৈধ মজুত ও জালিয়াতির অভিযোগে প্রতিষ্ঠানের মালিক ফখরুল ইসলামের বিরুদ্ধে জুড়ী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজারের নাফিজ ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দোকানটি থেকে ৭২৫ লিটার অবৈধ মজুত ডিজেল জব্দ করা হয়।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ তেল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, অবৈধ মজুত ও অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জুড়ীর ইউএনও ভারপ্রাপ্ত সাবরিনা আক্তার জানান, কৃত্রিম সংকট তৈরি ও জালিয়াতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...