বিজ্ঞাপন
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল বিকেল পর্যন্ত ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও বিদেশি দূতাবাস সমৃদ্ধ ‘রেড জোন’ সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকলেও আজ তা সাধারণ মানুষ ও সকল প্রকার যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। রেড জোনের আশেপাশে দেশি-বিদেশি সংবাদকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল ইরানি প্রতিনিধিদলের বহনকারী বিমানটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পর থেকেই সেটিকে পূর্ণ নিরাপত্তা প্রদান করা হয়। বিমানবন্দরে ইরানের প্রতিনিধিদলকে স্বাগত জানাতে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এই সংলাপে তেহরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
শান্তি আলোচনাকে নির্বিঘ্ন করতে পাকিস্তান সরকার ইসলামাবাদে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। নিরাপত্তার চাদরে রাজধানী ঢেকে ফেলতে মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য।
প্রতিনিধিদল বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাদের বিশেষ কনভয়কে সুরক্ষা প্রদান করেছে পাকিস্তানের স্পেশাল সার্ভিস ইউনিট। এছাড়া নিরাপত্তার বিশেষ স্তরে দেশটির এলিট কমান্ডো ইউনিটগুলোকেও মোতায়েন রাখা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে দুই দেশের মধ্যে এই সংলাপ মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...