Logo Logo

বাঁধ ভেঙে হাওরে ঢুকছে পানি

সুনামগঞ্জে ৩ হাজার হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষক


Splash Image

সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের গুজাউনি বাঁধ ভেঙে ব্যাপক হারে পানি প্রবেশ করায় প্রায় ৩ হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ায় হাওর পাড়ের হাজার হাজার কৃষকের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


বিজ্ঞাপন


স্থানীয় কৃষকরা জানান, গতকাল শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে বাঁধের একটি অংশ ভেঙে হাওরে দ্রুত পানি প্রবেশ শুরু হয়। রাতের অন্ধকারে পানির প্রবল চাপের কারণে পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভোর হতে না হতেই হাওরের নিচু এলাকার জমিগুলোতে পানি ঢুকে পড়ে, এতে কৃষকের কষ্টার্জিত পাকা ও আধাপাকা ধান মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) কমিটির মাধ্যমে এই বাঁধে কোনো কার্যকর সংস্কার কাজ করা হয়নি। বাঁধটি দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি ছিল না। অপরিকল্পিত নির্মাণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই আজ তাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে দাবি করেন তারা। এ ঘটনায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী কৃষকরা।

বাঁধ ভেঙে পানি প্রবেশের খবর ছড়িয়ে পড়লে ভোর থেকেই স্থানীয় শত শত কৃষক স্বেচ্ছাশ্রমে ভাঙন ঠেকাতে কোমর বেঁধে মাঠে নামেন। কেউ মাটি কাটছেন, কেউ বালুর বস্তা ফেলছেন, আবার কেউ বাঁশ ও পলিথিন দিয়ে অস্থায়ী প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন। দিনভর সম্মিলিত প্রচেষ্টা চললেও পানির প্রবল চাপের কারণে বাঁধটি এখনও চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এদিকে দেখার হাওরের পাশাপাশি জেলার অন্যান্য হাওরের বাঁধগুলো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক স্থানেই প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় ফসল রক্ষা বাঁধগুলো ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। কৃষকরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন; অন্যথায় চলতি মৌসুমে জেলায় ব্যাপক ফসলহানির আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে গিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। তিনি জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থানীয়দের সহযোগিতায় কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বিপন্ন কৃষকদের দাবি, অবিলম্বে স্থায়ী মেরামত, জরুরি ভিত্তিতে পর্যাপ্ত বালুর বস্তা সরবরাহ এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত না করলে হাজার হাজার হেক্টর জমির বোরো ধান সম্পূর্ণ তলিয়ে গিয়ে তাদের অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...