Logo Logo

তেঁতুলিয়ায় গ্রেপ্তারের পর দুই জুয়াড়িকে ছেড়ে দেওয়ার অভিযোগ


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুলিশি অভিযানে আটকের পর দুই জুয়াড়িকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কর্মকাণ্ডে স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার ভজনপুর বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক মিয়ার নেতৃত্বে একটি দল জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে একটি জুয়ার আসর থেকে নগদ ৮ হাজার ২০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ মোট ৮ জনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের পর সবাইকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছিল।

অভিযোগ উঠেছে, আটককৃতদের মধ্য থেকে মোশারুল ও লিটন নামে দুই ব্যক্তিকে মোটা অংকের টাকার বিনিময়ে রাতের অন্ধকারে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৬ জনকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়। আটকের পর আসামী ছেড়ে দেওয়ার এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই আব্দুল মালেক মিয়া এ প্রসঙ্গে বলেন, সব বিষয় সরাসরি বলা যায় না, কিছু তথ্য ইন্টারনাল থাকে। তিনি ঘটনাস্থলে মাত্র ৬ জনকে পাওয়ার দাবি করেন এবং তারা পুলিশের সোর্স হতে পারে বলে ইঙ্গিত দেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ২ জনকে ছেড়ে দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলতে তিনি সরাসরি থানায় যোগাযোগের পরামর্শ দেন।

বিষয়টি সম্পর্কে অবগত নন জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, ৮ জনকে আটক করে ৬ জনকে আদালতে পাঠানোর বিষয়টি আমার জানা নেই। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...