ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।
বিজ্ঞাপন
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাকাই বলেন, “একটি মাত্র বৈঠক থেকেই চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানোর আশা করাটা স্বাভাবিক ছিল না। শুধু আমরাই নই, সংশ্লিষ্ট কেউই এমন প্রত্যাশা করেনি। তবে আমরা বিশ্বাস করি, পাকিস্তান এবং এই অঞ্চলের অন্যান্য মিত্রদের সঙ্গে আমাদের যোগাযোগ ও কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে গত দুই দশক ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। এই সংকট নিরসনে গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিনব্যাপী তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘ সংলাপ চললেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।
এর পরপরই ২৮ ফেব্রুয়ারি ইরানের অভ্যন্তরে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী। একই সময়ে ইসরায়েলও ইরানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে হামলা চালায়। যুদ্ধের প্রথম দিনেই নিহত হন ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলায় খামেনির স্ত্রী, কন্যা, নাতি এবং ছেলে মোজতবা খামেনির স্ত্রীও প্রাণ হারান; মোজতবা খামেনি নিজে গুরুতর আহত হন।
পরবর্তীতে কূটনৈতিক তৎপরতা ও উত্তেজনা হ্রাসের লক্ষ্যে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে উভয় পক্ষ। এরই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা পুনরায় সংলাপে বসেন। টানা ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনার পরও কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হন তারা। এমন পরিস্থিতিতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার কথা জানালো ইরান।
সূত্র : টাইমস অব ইসরায়েল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...