বিজ্ঞাপন
অভিযুক্ত মাসুমা পারভীন বৃষ্টি বগুড়া সেনানিবাসের ক্যান্টনমেন্ট বোর্ডে কর্পোরাল পদে কর্মরত রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন মামুনি আক্তার মুক্তি জানায়, অভিযুক্ত বৃষ্টি তার আপন চাচাতো বোন। উন্নত ভরণপোষণ ও লেখাপড়ার দায়িত্ব নিয়ে কয়েক বছর আগে মুক্তিকে নিজের কর্মস্থলে নিয়ে যান বৃষ্টি। তবে সেখানে নিয়ে তাকে কোনো লেখাপড়া করানো হয়নি, বরং দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে।
মুক্তি অভিযোগ করে বলেন, তার ইচ্ছার বিরুদ্ধে মাথার চুল কেটে দেওয়া হয়েছে। তাকে উত্তপ্ত খুন্তি দিয়ে ছেঁকা দেওয়া, নাকে আঘাত করা এবং হাত-পায়ের নখে ও হাঁটুতে পৈশাচিক কায়দায় নির্যাতন করা হয়েছে। শরীরের ছ্যাকার দাগ গোপন করতে বৃষ্টি জোরপূর্বক ক্ষতস্থানে মেহেদি লাগিয়ে দিতেন বলেও অভিযোগ করে শিশুটি।
নির্যাতিত শিশুর বাবা আব্দুল করিম অভিযোগ করেন, পারিবারিক অসচ্ছলতার সুযোগ নিয়ে বৃষ্টির বাবা ইয়াকুব আলী মুক্তিকে নিয়ে গিয়েছিলেন। বৃষ্টির কাছে থাকার সময় আব্দুল করিম মেয়ের জন্য যে টাকা পাঠাতেন, তাও বৃষ্টি কেড়ে নিতেন। এমনকি নিজ এলাকায় আসলেও বাবার সঙ্গে মুক্তিকে দেখা করতে দেওয়া হতো না বলে তিনি জানান।
ঘটনার বিষয়ে অভিযুক্ত বৃষ্টির বাবা ইয়াকুব আলীর সঙ্গে কথা বললে তিনি সাংবাদিকদের কাছে মারধরের বিষয়টি অনেকটা হালকাভাবে উপস্থাপন করে বলেন, "একটা ছাগল থাকলেও তো মানুষ দুইটা বাড়ি দেয়।"
পরবর্তীতে মাসুমা পারভীন বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে বগুড়া সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (সিইও) ফিরোজা পারভীনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় মুক্তিকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় (রেজিস্ট্রেশন নম্বর: ৬৬৭/৭৯)। শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বড় চাচা ইয়াকুব আলী সেখানে গিয়ে তাকে ধমক ও হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
তেঁতুলিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
তবে একজন সেনাসদস্যের হাতে গৃহকর্মী নির্যাতনের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...