Logo Logo

নলছিটিতে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ


Splash Image

ঝালকাঠির নলছিটি উপজেলায় নারী উন্নয়ন ও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী এবং মন্দিরে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের উন্নয়ন ও রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি তার বক্তব্যে বলেন, "নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সেলাই মেশিন প্রদানের মাধ্যমে যেমন অসহায় নারীরা নিজেদের আয়ের পথ তৈরি করতে পারবেন, তেমনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজবী আহমেদ সবুজ, উপজেলা এলজিইডি কর্মকর্তা আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিক মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্নাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণ কার্যক্রমের আওতায় উপজেলার ৩৩ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন, বিভিন্ন বিদ্যালয়ের জন্য ১৫ সেট খেলাধুলার সামগ্রী এবং বিভিন্ন মন্দিরের জন্য ৪ সেট বাদ্যযন্ত্র প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, এ ধরনের ধারাবাহিক কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার পরিবেশকে আরও উন্নত করতে সহায়ক হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...