Logo Logo

টুঙ্গিপাড়ায় বিধবা নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নাহিদা বেগম (৫০) নামে এক বিধবা নারীকে হাতুড়িপেটায় হত্যার ঘটনার প্রধান আসামি নজরুল ওস্তাকে (৪০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


বিজ্ঞাপন


শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ওস্তা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ওস্তার ছেলে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পাটগাতী মধ্যপাড়া গ্রামের মৃত শরিফুল ওস্তার পরিবারের সঙ্গে প্রতিবেশী নজরুল ওস্তা ও কাদের ওস্তাদের দীর্ঘদিনের বিরোধ ছিল। ৮ মাস আগে উচ্চ আদালত শরিফুল ওস্তার পরিবারের পক্ষে রায় দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। তবে প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে জমিটি দখলে রাখে।

গত ১ ফেব্রুয়ারি ওই জমিতে বেড়া দিতে গেলে শরিফুল ওস্তার ছেলে মহিবুল্লাহর ওপর নজরুল ওস্তার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় মা নাহিদা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় ২ ফেব্রুয়ারি ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ছেলে মহিবুল্লাহ ওস্তা। মামলায় নজরুল ওস্তাকে প্রধান আসামি করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৬, র‌্যাব-১১ এবং টুঙ্গিপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাবিবুল্লাহ ব্রিজ সংলগ্ন এনায়েত নগর থেকে নজরুলকে গ্রেপ্তার করে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...