Logo Logo

চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৩০ হাজার ৭২৪ শিক্ষার্থী


Splash Image

সারাদেশের ন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনেও আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এই পাবলিক পরীক্ষা শুরু হয়। এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে ১ লাখ ৩০ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।


বিজ্ঞাপন


শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী রয়েছে ৭৪ হাজার ৩৭৩ জন এবং ছাত্র ৫৬ হাজার ৩৫১ জন। বিভাগওয়ারী হিসেবে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৯৯১ জন, মানবিক বিভাগ থেকে ৪৩ হাজার ৯৮৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বোচ্চ ৫১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলার মোট ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২১৮টি কেন্দ্রে পরীক্ষায় বসছে। জেলাওয়ারী পরীক্ষার্থীর পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রাম জেলায় ৯২ হাজার ৩৩৮ জন, কক্সবাজারে ১৮ হাজার ৯২৪ জন, রাঙামাটিতে ৭ হাজার ৪১৭ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ৭১ জন এবং বান্দরবানে ৩ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড কঠোর অবস্থান গ্রহণ করেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, পরীক্ষা তদারকির জন্য মোট ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ টিম এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে।

পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রধান নির্বাহীর নিকট চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে যে, সকলের সহযোগিতায় এবারের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...