Logo Logo

বিলাইছড়িতে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৬ পরীক্ষার্থী


Splash Image

সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষায় উপজেলার বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৩০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন অনুপস্থিত ছিল।


বিজ্ঞাপন


বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় নিয়মিত ১৮৬ জন এবং অনিয়মিত ১২২ জনসহ সর্বমোট ৩০৮ জন পরীক্ষার্থী নিবন্ধিত রয়েছে। এর মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৮৫ জন, ফারুয়া উচ্চ বিদ্যালয় থেকে ৯৮ জন এবং হাজার মানিক উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

ফারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শান্তিময় তঞ্চঙ্গ্যা জানান, প্রথম দিনের পরীক্ষায় নিয়মিত ৫ জন এবং অনিয়মিত ১ জনসহ মোট ৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে সার্বিকভাবে কেন্দ্রের পরিবেশ অত্যন্ত স্বাভাবিক ও সুশৃঙ্খল রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন শেষে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান জানান, পরীক্ষার্থীরা কোনো প্রকার বিঘ্ন ছাড়াই স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে। নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে।

কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, "বর্তমানে কেন্দ্রের বাইরে সিসি ক্যামেরা রয়েছে। কেন্দ্রের ভেতরেও সিসি ক্যামেরা স্থাপনের জন্য কেন্দ্র সচিবকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। আশা করছি পরবর্তী পরীক্ষাগুলো থেকেই কক্ষের ভেতরে সিসি ক্যামেরা পর্যবেক্ষণের ব্যবস্থা সম্পন্ন হবে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...