Logo Logo

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন


Splash Image

ফরিদপুরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র উচ্চ বেতনে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে এলাকার প্রায় ৮০ থেকে ১০০টি পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। চক্রটি ভুয়া ভিসা ও জাল কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

ভুক্তভোগীরা আরও জানান, এই চক্রটি বিদেশে পাঠানোর কথা বলে কয়েকজনকে নিয়ে গিয়ে সেখানে আটকে রাখে এবং অমানবিক পরিস্থিতিতে ফেলে মানব পাচারের মতো জঘন্য অপরাধে লিপ্ত হয়। পাচারের শিকার ব্যক্তিদের মধ্যে সাতজন কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সম্প্রতি দেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন।

বিক্ষোভ কর্মসূচি থেকে প্রতারক চক্রের মূল হোতা ইমরান কাজী, শারমিন কাজী, ইলিয়াস কাজী এবং তাদের পিতা মিলু কাজীসহ চক্রের সকল সদস্যকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগীরা তাদের আত্মসাৎকৃত অর্থ ফেরত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ভুক্তভোগী পরিবারবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিপুল মাতব্বর, ইকরাম শিকদার ও ওহাব সিকদারসহ আরও অনেকে। বক্তারা এ সময় সাংবাদিক ও সচেতন নাগরিকদের এই অপরাধী চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান। মানববন্ধনে পাচারের শিকার হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...