Logo Logo

গোপালগঞ্জে ইজিবাইক চালককে আটকে রেখে মারধর ও ছিনতাই


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলায় ইজিবাইক ভাড়া করে ডেকে নিয়ে এক চালককে ঘরে আটকে রেখে বেধড়ক মারধর ও অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বর্তমানে গুরুতর আহত ওই চালক গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


ঘটনার বিবরণে জানা যায়, সদর উপজেলার উলপুর গ্রামের বাসিন্দা হারুন মোল্লা তার ভাতিজা ও ইজিবাইক চালক সাজ্জাদ মোল্লার ওপর হামলার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, গত ১৮ এপ্রিল বিকেলে গাইন্ধাসুর এলাকা থেকে পিটাবাড়ি যাওয়ার কথা বলে রাকিব নামে এক ব্যক্তি সাজ্জাদের ইজিবাইকটি ভাড়া করেন।

গন্তব্যে পৌঁছানোর পর সাজ্জাদকে একটি নির্দিষ্ট বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল ব্যক্তি তাকে একটি ফাঁকা ঘরে আটকে রাখে। সাজ্জাদ সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা সাজ্জাদের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা এই ঘটনা নিয়ে মামলা করলে সাজ্জাদকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।

আহত সাজ্জাদকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার প্রেক্ষিতে একটি লিখিত অভিযোগ প্রাপ্তি স্বীকার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...