Logo Logo

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি


Splash Image

লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় লিবিয়ায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আটকে পড়া ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

জানা গেছে, দেশে ফিরে আসা এই ব্যক্তিদের অধিকাংশ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ পাড়ি দেওয়ার আশায় মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তারা অপহরণ, শারীরিক নির্যাতন ও অমানবিক জীবনযাপনের শিকার হন বলে অভিযোগ করেছেন।

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, এবারের দলে ২৭ জন শারীরিকভাবে অসুস্থ নাগরিক রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দূতাবাস ও আইওএম-এর নিবিড় সমন্বয়ে তাদের চিকিৎসা সহায়তা এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় কর্মকর্তাদের পক্ষ থেকে ফিরে আসা ব্যক্তিদের নিজেদের তিক্ত অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করার আহ্বান জানানো হয়, যাতে সাধারণ মানুষ অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতন হতে পারে।

আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসিতদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও আটকে থাকা অবশিষ্ট বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...