Logo Logo

কোটালীপাড়ায় নিজ হাতে খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি এস এম জিলানী


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষকদের সেচ সংকট দূরীকরণ ও জলাবদ্ধতা নিরসনে খালের কচুরিপানা পরিষ্কার অভিযানে সশরীরে অংশ নিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।


বিজ্ঞাপন


শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই ব্যতিক্রমী জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন।

অভিযান চলাকালে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, "খাল বাঁচলে কৃষক বাঁচবে। খালগুলো সচল ও প্রবাহমান থাকলে কৃষকরা অনায়াসে জমিতে সেচ দিতে পারেন এবং জলাবদ্ধতার হাত থেকে ফসল রক্ষা পায়।"

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানায় ভরাট থাকায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল, ফলে স্থানীয় কৃষকরা সেচ দেওয়া ও অতিরিক্ত পানি নিষ্কাশনে চরম ভোগান্তিতে পড়েছিলেন। কৃষকদের সেই দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন এই উদ্যোগকে সময়োপযোগী বলে আখ্যায়িত করেন। তিনি জানান, জনস্বার্থে এবং মানুষের উপকারে আসে এমন সকল কর্মকাণ্ড এস এম জিলানীর নেতৃত্বে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরিষ্কার অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, মানিকুজ্জামান হাওলাদার, কাজী অমিত মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

স্থানীয় কৃষকরা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জানান, দীর্ঘদিন পর খালটি পরিষ্কার হওয়ায় পানি প্রবাহ স্বাভাবিক হবে। এতে চলতি মৌসুমে সেচ কাজ সহজ হওয়ার পাশাপাশি বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হবে বলে তারা আশা করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...