বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান উপজেলার ভরপাশা ও গারুরিয়া ইউনিয়নে আলাদাভাবে এই খনন কাজের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অধীনে ভরপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠী নাপিতখালী খাল থেকে অড়াহার বাড়ি হয়ে শ্রীমন্ত নদী পর্যন্ত ৪ কিলোমিটার এবং গারুরিয়া ইউনিয়নের ভাণ্ডারীকাঠী রয়েল ব্রিকস থেকে ময়েজউদ্দিন হাওলাদারের ধারার শেষ মাথা পর্যন্ত ২ কিলোমিটার খাল পুনঃ খনন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সমাবেশে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব এবং কৃষকের সার্বিক উন্নয়নে এই সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ নদীমাতৃক ও কৃষিপ্রধান দেশ হওয়ায় এ দেশের কৃষকদের মূলত খাল-বিল ও নদীর পানির ওপর নির্ভর করতে হয়। কিন্তু দীর্ঘকাল সংস্কার না হওয়ায় অনেক জলাধারের পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল, যা এখন পুনরায় সচল করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, শুষ্ক মৌসুমে সেচ সুবিধা তৈরি, বর্ষার পানি ধারণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, বর্তমান সরকার সেই আদর্শ অনুসরণ করেই আধুনিক কৃষি বিপ্লবের এই উদ্যোগ নিয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার এবং উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূলের কৃষকরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...