বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার চেয়ারম্যানঘাট-সোনাপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জহির (৪৬) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা জেলা শহর মাইজদীর সোনাপুর থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে তোতার বাজারের দক্ষিণে মৌলভী পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জহিরের মৃত্যু হয় এবং অন্য তিন যাত্রী আহত হন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের গাইড ওয়াল নির্মাণ কাজের বালু ও আরসিসি পিলার সড়কের পাশেই স্তূপ করে রাখা হয়েছে। এই মালামাল রাখার কারণে সড়ক সরু হয়ে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। তাদের দাবি, প্রতি বছরই এই নির্দিষ্ট স্থানে একাধিক দুর্ঘটনা ঘটছে। এ পর্যন্ত ছোট-বড় মিলিয়ে অন্তত ২০টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে, যাতে জহিরসহ ৫ জনের প্রাণহানি ঘটেছে।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বালুবাহী অন্য একটি ড্রাম ট্রাক আটক করে ভাঙচুর করেছে।
তিনি আরও বলেন, সড়কে মালামাল রাখার বিষয়টি খতিয়ে দেখা হবে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...