Logo Logo

ফরিদপুরে জেলেদের বড়শিতে ধরা পড়লো বিলুপ্তপ্রায় মিঠাপানির কুমির


Splash Image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরার বড়শিতে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় মিঠাপানির একটি কুমির। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাট এলাকায় কুমিরটি ধরা পড়ে।


বিজ্ঞাপন


বিরল এই কুমিরটি ধরা পড়ার সংবাদ ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পদ্মা নদীতে মাছ ধরার জন্য ‘হাজারি বড়শি’ ফেলেছিলেন সাগর বেপারী, স্বপন বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস নামে চার জেলে। সোমবার সকালে তারা বড়শি তুলতে গিয়ে দেখেন, কোনো বড় মাছের পরিবর্তে প্রায় পাঁচ ফুটের বেশি লম্বা একটি কুমির বড়শিতে আটকে আছে। পরে জেলেরা অত্যন্ত সতর্কতার সাথে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। বর্তমানে কুমিরটিকে নদীর পাড়ে নিরাপদে বেঁধে রাখা হয়েছে।

ফরিদপুরের সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে বন বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। উদ্ধারকৃত কুমিরটি দৈর্ঘ্যে প্রায় সাড়ে পাঁচ ফুট এবং এটি বিলুপ্তপ্রায় মিঠাপানির প্রজাতির কুমির।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কুমিরটি পাহারায় রাখা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ইতোমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে। খুলনা বিভাগীয় বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটের কর্মকর্তারা কুমিরটি উদ্ধার করতে রওনা দিয়েছেন। তারা পৌঁছানোর পর কুমিরটি পরবর্তী সংরক্ষণ ও আবাসস্থলে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...