Logo Logo

কর্ণফুলীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ : ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন


Splash Image

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজের আপন ভাইদের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নাছিমা আক্তার নামে এক গৃহবধূ।


বিজ্ঞাপন


সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছিমা আক্তার জানান, প্রায় ২০ বছর আগে তার বাবা সোনা মিয়া মারা যাওয়ার পর থেকেই তার বড় ভাই মো. রফিক, মেজো ভাই মো. শফিক এবং ছোট ভাই মো. মানিক পরিকল্পিতভাবে তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে আসছেন। তিনি তার ন্যায্য অধিকার দাবি করলে ভাইয়েরা বিভিন্ন সময়ে তাকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

ভুক্তভোগী এই নারী অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারার কথা বলতে গেলে তার ভাইয়েরা তাদের শ্বশুরবাড়ির লোকজন নিয়ে তার ওপর হামলা চালান এবং মারধর করেন। শুধু তাই নয়, তার স্বামী ও সন্তানদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানান। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নাছিমা আক্তার পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়ারহাট এলাকার মৃত সোনা মিয়ার মেয়ে। বর্তমানে তিনি স্বামী মো. শহীদুল্লাহ ও সন্তানদের নিয়ে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় বসবাস করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নাছিমা আক্তারের স্বামী মো. শহীদুল্লাহ বলেন, “আমার স্ত্রী কেবল তার বাবার সম্পত্তির ন্যায্য অধিকার চাইছে। কিন্তু তার ভাইয়েরা বিষয়টি সুরাহা না করে উল্টো আমাদের ওপর নির্যাতন ও হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা চাই।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। দ্রুত এই সংকটের সমাধান না হলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে নাছিমা আক্তার প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি আমার পৈতৃক অধিকার ফিরে পেতে চাই এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।” ভুক্তভোগী পরিবারটি এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...