বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পরবর্তী হাইকমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে এবং তিনি খুব শীঘ্রই তার নতুন পদের দায়িত্বভার গ্রহণ করবেন।
দীনেশ ত্রিবেদীর এই নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন পর কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব দিল ভারত। বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা, যিনি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকা মিশনে কর্মরত ছিলেন, তাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয়েছে।
৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের জাতীয় রাজনীতির একজন পরিচিত মুখ। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি এই দায়িত্ব পান। তবে ২০১২ সালে রেল বাজেট পেশ করার সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে নিজ দলীয় নেতৃত্বের তোপের মুখে পড়েন এবং পরবর্তীতে পদত্যাগ করতে বাধ্য হন। এ ছাড়াও তিনি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দীনেশ ত্রিবেদী ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা—উভয় কক্ষেরই সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় এবং গুজরাট থেকে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি দল থেকে পদত্যাগ করেন এবং একই বছরের মার্চ মাসে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে ঢাকা মিশনের দায়িত্ব প্রদানের মাধ্যমে ভারতের নিকটতম প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও রাজনৈতিক যোগাযোগ আরও জোরদার করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...