Logo Logo

মাদারীপুরে জমি বিরোধে প্রবাসীকে হাতুড়িপেটা, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা


Splash Image

মাদারীপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুর রাজ্জাক হাওলাদার (৫০) নামে এক সৌদি প্রবাসীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মামলা করলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


বিজ্ঞাপন


মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আশাপাট গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক হাওলাদারের সঙ্গে তার ক্রয়কৃত ৩ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী জাহাঙ্গীর বেপারী, বেলাল বেপারী, তাহের বেপারী ও হাফিজুল বেপারীদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত ২৪ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর ও তাহের বেপারীর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে রাজ্জাকের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা হাতুড়ি দিয়ে রাজ্জাক হাওলাদারের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী আনোয়ারা বেগমকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

এই ঘটনায় ৫ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন আনোয়ারা বেগম। তিনি অভিযোগ করেন, "আসামিরা দীর্ঘদিন ধরে আমাদের জমি দখলের পায়তারা করছিল। তারই জেরে আমার স্বামীকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।"

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কুনিয়ার হামলার ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...