Logo Logo

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ. লীগের স্লোগান, যুবক আটক


Splash Image

নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রকাশ্য দিবালোকে অটোরিকশায় মাইক বেঁধে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনায় মো. আলাউদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলাউদ্দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং যুবলীগের একজন কর্মী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে আলাউদ্দিন একটি সিএনজিচালিত অটোরিকশার ছাদে দুটি মাইক বেঁধে শহরজুড়ে স্লোগান দিতে শুরু করেন। তিনি শহরের পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যাওয়ার পথে মাইকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। স্লোগান দিতে দিতে তিনি আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে পৌঁছালে অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়েও কিছুক্ষণ স্লোগান দেন।

এ সময় স্থানীয় কিছু বাসিন্দা ক্ষুব্ধ হয়ে তেড়ে এলে তিনি পুনরায় অটোরিকশায় ওঠার চেষ্টা করেন। তবে উত্তেজিত জনতা তাকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে এবং অটোরিকশা চালককেও চড়-থাপ্পড় দেয়। পরবর্তীতে উপস্থিত জনতা মাইক ও অ্যামপ্লিফায়ার কেড়ে নিয়ে তাদের ছেড়ে দিলেও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সরঞ্জামগুলো জব্দ করে। পরবর্তীতে রাতে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে আটক করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতার মারধরে আহত হওয়ায় আলাউদ্দিনকে আটকের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...