Logo Logo

তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রবি মৌসুমে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মালচিং পদ্ধতিতে সবজি (মরিচ) চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জীবন ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. নাসির উদ্দিন এবং ইউপি সদস্য মো. শামীম হোসেন।

অনুষ্ঠানের শুরুতে শিলাইকুঠি টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের প্রদর্শনী চাষী আল ইমরানের ক্ষেতে মালচিং পদ্ধতিতে চাষ করা ‘বিজলী প্লাস’ জাতের মরিচ বাগান পরিদর্শন করেন অতিথিরা। পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বালাবাড়ী জামে মসজিদের ইমাম অলিয়র রহমান এবং গীতা পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক।

উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় সভায় বক্তারা আধুনিক মালচিং পদ্ধতির সুবিধা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে পানি সাশ্রয়ী প্রযুক্তি, জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি এবং পরিবেশবান্ধব উপায়ে সার ও বালাইনাশক ব্যবহারের বিষয়ে স্থানীয় উৎপাদক দলের সদস্যসহ শতাধিক কৃষক-কৃষাণীকে বিস্তারিত কারিগরি পরামর্শ প্রদান করা হয়।

বক্তারা বলেন, প্রচলিত পদ্ধতির চেয়ে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে ফলন যেমন বৃদ্ধি পায়, তেমনি উৎপাদন খরচ ও শ্রম অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আধুনিক এই প্রযুক্তি গ্রহণে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...