Logo Logo

ফরিদপুরে শিশু কবিতাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি


Splash Image

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে শিশু আইরিন আক্তার কবিতাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উত্তজনা বিরাজ করছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (৩ মে) বাদ জোহর গেরদা ইউনিয়নে সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা এই হত্যাকাণ্ডকে একটি অমানবিক ও চরম বর্বর ঘটনা হিসেবে অভিহিত করেন। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার বিচার সম্পন্ন করে প্রধান অভিযুক্ত ইসরাফিলসহ সকল সহযোগীর ফাঁসি কার্যকরের জোর দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না যায়, তবে ভবিষ্যতে সমাজ থেকে এমন নিষ্ঠুরতা দূর করা সম্ভব হবে না।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সংঘটিত এই ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) ও নাছিমা বেগম (৪৫)।

পুলিশ জানিয়েছে, বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম গুরুত্বের সাথে চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে।

মানববন্ধনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ জাকারিয়া, গেরদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মাস্টার, বিএনপি নেতা মিলন মেম্বার ও দেলোয়ার হোসেন। এছাড়াও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন 'মানুষ মানুষের জন্য' সংগঠনের প্রতিষ্ঠাতা জাহিদ ইসলাম এবং বাখুণ্ডা ব্লাড ব্যাংকের সভাপতি মিয়া রোমান।

মানববন্ধনে গেরদা ইউনিয়নের কয়েক শতাধিক এলাকাবাসী উপস্থিত হয়ে শিশু কবিতার হত্যার বিচার চেয়ে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...