Logo Logo

নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর


Splash Image

নোয়াখালীর সুবর্ণচরে মায়ের চোখের সামনেই বেপরোয়া ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়ামিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (৩ মে) দুপুর আড়াইটার দিকে সোনাপুর–চেয়ারম্যানঘাট মহাসড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকার ডাক্তার মসজিদের সামনে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবায়োজিদ গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মা বকুল আক্তারের সঙ্গে বাড়ি থেকে বের হয় ইয়ামিন। তারা পরিষ্কার বাজার এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করছিল। এ সময় মাইজদী থেকে চেয়ারম্যানঘাটগামী একটি দ্রুতগতির ড্রামট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি রাস্তার পাশে উঠে গেলে ইয়ামিন চাকায় পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক কৌশলে পালিয়ে গেলেও স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটকে রেখে পুলিশে খবর দেয়। সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে মা বকুল আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন; এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...