বিজ্ঞাপন
রোববার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের নলুয়া এলাকায় আইয়ুব আলীর ব্রিকফিল্ড সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডমুরুয়া ইউনিয়নের ওই স্থানে প্রশাসনের কোনো প্রকার অনুমতি ছাড়াই ব্যাপক আলোকসজ্জা করে মেলার আয়োজন করা হয়েছিল। মেলা প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের ছবি ব্যবহার করে অননুমোদিতভাবে তোরণও নির্মাণ করা হয়। বিষয়টি সংসদ সদস্যের নজরে এলে তিনি স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিজ হাতে মেলার প্যান্ডেল ও তোরণ ভেঙে দেন।
ঘটনা প্রসঙ্গে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, "এলাকায় আসার পর আমি জানতে পারি যে কোনো অনুমতি ছাড়াই মেলার আয়োজন করা হয়েছে। সেখানে গিয়ে দেখি আমার ছবি ব্যবহার করে তোরণ নির্মাণ করা হয়েছে, যার কোনো অনুমোদন ছিল না। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে গভীর রাত পর্যন্ত আলোকসজ্জার মাধ্যমে বিদ্যুৎ অপচয় করা হচ্ছিল। জনস্বার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে আমি নিজেই মেলাটি ভেঙে দিয়েছি।"
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংসদ সদস্যের ছবি ব্যবহার করে এবং প্রশাসনের অনুমতি ব্যতিরেকে মেলার আয়োজন করায় সংসদ সদস্য নিজেই ঘটনাস্থলে গিয়ে এটি বন্ধ করে দেন। এ সময় তিনি সংশ্লিষ্ট আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
এমপির এই আকস্মিক পদক্ষেপকে স্থানীয় সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন। সচেতন মহলের মতে, অনুমোদনহীন আয়োজন ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের দৃঢ় অবস্থান ভবিষ্যতে এ অঞ্চলে বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...