Logo Logo

বাজারে উঠলো সাতক্ষীরার গোপালভোগ ও গোবিন্দভোগ আম


Splash Image

পূর্ব ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী বাগান থেকে আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরার আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষী আবু সাইদের বাগান থেকে সংগ্রহের মাধ্যমে চলতি মৌসুমের আমের বিপণন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


সাতক্ষীরা জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে জেলার গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ সকল স্থানীয় জাতের আম বাজারে পাওয়া যাবে। এছাড়া আগামী ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সকালে আম সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেনসহ স্থানীয় কৃষি কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আমচাষী আবু সাইদ তার প্রতিক্রিয়ায় বলেন, "দীর্ঘদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। এবার গাছে আমের ফলন বেশ ভালো হয়েছে। সরকার নির্ধারিত সময়ে আম সংগ্রহ শুরু হওয়ায় আমরা ন্যায্য দাম পাওয়ার আশা করছি। আবহাওয়া অনুকূলে থাকলে এই মৌসুম আমচাষীদের জন্য লাভজনক হবে।"

সাতক্ষীরা কৃষি বিভাগ জানিয়েছে, সুনির্দিষ্ট সময় মেনে আম পাড়া শুরু হওয়ায় ফলের গুণগত মান অক্ষুণ্ণ থাকবে, যা বাজারে জেলাটির আমের বিশেষ সুনাম বজায় রাখতে সহায়ক হবে। একই সঙ্গে বাজারে অপরিপক্ব বা রাসায়নিকযুক্ত আমের প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠ পর্যায়ে কঠোর নজরদারি অব্যাহত রাখবে। উদ্বোধনের পরপরই জেলার বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশে আম পাড়ার ব্যস্ততা শুরু হয়েছে।

প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...