Logo Logo

নীলফামারীতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা


Splash Image

নীলফামারীর জলঢাকা উপজেলায় চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আইয়ুব আলী (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ বসুনিয়া পাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা অলিয়ার রহমান (৩৯) বাদী হয়ে জলঢাকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আইয়ুব আলী দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে বিভিন্নভাবে উত্যক্ত ও অশালীন আচরণ করে আসছিল। গত ১৮ মার্চ দুপুরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আইয়ুব আলী ওই শিক্ষার্থীকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিক্ষার্থীর চিৎকারে ভয় পেয়ে তাকে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে ছেড়ে দেয় অভিযুক্ত।

পরবর্তীতে গত ২৭ মে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার পথে পুনরায় আইয়ুব আলী তার শ্লীলতাহানির চেষ্টা করে। ভীতসন্ত্রস্ত শিক্ষার্থী বিদ্যালয়ে পৌঁছালেও অভিযুক্ত সেখানে গিয়ে আনাগোনা শুরু করে, যা বিদ্যালয়ের শিক্ষিকা সুলতানা বেগমের নজরে আসে। শিক্ষিকা বিষয়টি নিয়ে শিক্ষার্থীর সাথে কথা বললে ১৮ মার্চের শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার বিস্তারিত ঘটনা প্রকাশ পায়।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলীর কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন।

তবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল ইসলাম জানান, বিষয়টি প্রধান শিক্ষককে আগেই অবহিত করা হয়েছে। প্রধান শিক্ষকের এই অস্বীকার করার বিষয়টি নিয়ে সহকারী শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তে গেলে স্থানীয় বাসিন্দারা আইয়ুব আলীর বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ তুলে ধরেন। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজমুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত সাপেক্ষে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...