Logo Logo

ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি


Splash Image

‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (ইউপিএইচসিএসডিপি)-এর ২য় পর্যায়’-এর আওতায় নির্মিত ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রেক্ষিতে চাকরি বহাল রাখার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৬ মে) সকাল ১০টায় ফরিদপুর পৌরসভা চত্বর ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রকল্পের পিএমইউ ও পিআইইউসহ বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রায় ৪ হাজার ৩৮২ জন কর্মকর্তা-কর্মচারীর প্রতিনিধিরা এই আন্দোলনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে নগরবাসীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রগুলো স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তরের সিদ্ধান্তে তাদের পেশাগত জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

বক্তারা আরও উল্লেখ করেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন এসেছে। অভিজ্ঞ এই জনবলকে বাদ দিয়ে নতুন করে নিয়োগ না দিয়ে বরং বিদ্যমান কর্মীদেরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আত্তীকরণ বা চাকরি বহাল রাখা যুক্তিযুক্ত।

কর্মসূচি চলাকালীন একটি বিক্ষোভ মিছিল ফরিদপুর পৌরসভায় গিয়ে পৌঁছায়। সেখানে আন্দোলনকারীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকিরের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিগুলো তুলে ধরেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান ও হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তারা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয়েও স্মারকলিপি জমা দেন তারা। আন্দোলনরত কর্মীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত এই সংকট নিরসনে সরকারের উচ্চ পর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...