Logo Logo

নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহপাঠী দীপ দেবনাথ (১৬)।


বিজ্ঞাপন


বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় চন্দ্র নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্রের ছেলে। তিনি স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে বের হয়ে তন্ময় তার বন্ধু দীপ দেবনাথের সঙ্গে বাইরে যান। বেলা ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তন্ময়ের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। আহত দীপ দেবনাথ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...