বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ইউনাইটেড হিউম্যানিটি”।
সকাল ৯টা ১০ মিনিটে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কর্মসূচির শুরুতে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে এক মানববন্ধনে অংশ নেন। পরবর্তীতে কেক কাটা এবং আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসটির মাহাত্ম্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সদস্য ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে যে কোনো মানবিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্ট অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যুদ্ধাহতদের উদ্ধার, চিকিৎসাসেবা প্রদান ও পুনর্বাসনে এই সংগঠনের স্বেচ্ছাসেবকদের অবদান ইতিহাসে অনন্য হয়ে আছে। যুদ্ধ বিগ্রহ বা প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ যখন দিশেহারা হয়ে নিরাপদ আশ্রয় খোঁজে, তখন রেড ক্রিসেন্টের সদস্যরাই খাদ্য, ওষুধ ও জীবন রক্ষাকারী রক্ত নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান।
বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে তরুণ প্রজন্মের দেশ। তাই মানবিক ও সেবামূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি করতে হবে। যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সেবা নিশ্চিত করা সম্ভব বলে তারা অভিমত ব্যক্ত করেন।
মানবসেবার ব্রত নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি সকাল ১০টা ৩৫ মিনিটে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...