Logo Logo

সরাইলে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব : প্রশ্নবিদ্ধ সমাজের নৈতিকতা


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সকাল বাজারে এক মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও আক্ষেপের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে বাজারের এক নির্জন স্থানে ওই নারী একটি ফুটফুটে পুত্রসন্তান জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ থাকলেও এই ঘটনাটি সমাজের নৈতিক অবক্ষয়কে নগ্নভাবে উন্মোচিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল সকাল বাজারে দীর্ঘ দিন ধরে আশ্রয় নিয়ে থাকা ওই নারী অসংলগ্নভাবে নিজের নাম ‘রাফি’ এবং বাড়ি সিলেট জেলা বলে জানিয়েছেন। তবে এর বাইরে তিনি নিজের কোনো বিস্তারিত পরিচয় দিতে পারেননি। প্রসবের সময় স্থানীয়দের তড়িৎ পদক্ষেপ ও সেবায় মা ও শিশুটি বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা পান।

এই ঘটনাটি এলাকার সাধারণ মানুষ ও নাগরিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকের মতে, একজন অসহায় ও অসুস্থ নারীর মাতৃত্ব কোনো অপরাধ নয়; বরং তার ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে যে পাশবিক লালসা চরিতার্থ করা হয়েছে, সেটিই চরম পৈশাচিকতা। রাস্তার পাশে পড়ে থাকা এক অসহায় নারীর ওপর লালসার প্রতিফলন ঘটিয়ে যারা সটকে পড়েছে, সেই অজ্ঞাত পরিচয় পিতাকে খুঁজে বের করার দাবি উঠেছে সর্বস্তর থেকে।

এলাকাবাসীর প্রশ্ন— সমাজ কেন কেবল নারীর মাতৃত্ব নিয়ে বিচার-বিশ্লেষণে লিপ্ত হয়, কেন সেই অদৃশ্য অপরাধী পুরুষটির পরিচয় শনাক্তে সমান তাগিদ দেখায় না?

সচেতন মহল মনে করেন, এটি কেবল একটি শিশুর জন্ম নয়, বরং আমাদের সম্মিলিত বিবেকের পরাজয়। এই লুণ্ঠনকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা গেলে এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

বর্তমানে নবজাতক ও প্রসূতি স্থানীয়দের তত্ত্বাবধানে রয়েছেন। তবে তাদের ভবিষ্যৎ, সামাজিক নিরাপত্তা এবং উন্নত সুচিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ভারসাম্যহীন রাফি ও তার পরিচয়হীন এই শিশুর পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের দ্রুত এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...