Logo Logo

ফুলগাজীর সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


Splash Image

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রামে ভারতীয় সীমান্তের কাছ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (আনুমানিক ৪৫-৫০ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৭ মে) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে জনৈক মিয়চান হুজুরের মুরগির খামারের দক্ষিণ দিকে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে ফুলগাজী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন জানান, মৃত ব্যক্তির শরীরে পরিচয় শনাক্তকারী কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং স্থানীয় বাসিন্দারাও তাকে চিনতে পারেননি। অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

এদিকে ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র ১৫০ গজ দূরে অবস্থিত হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে দেখছে প্রশাসন।

ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত জানান, মরদেহটি সীমান্ত ঘেঁষা এলাকায় পাওয়ায় যথাযথ প্রক্রিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অবহিত করা হয়েছে এবং পরিচয় শনাক্তকরণের জন্য মরদেহের ছবি পাঠানো হয়েছে।

তদন্তের গভীরতা ও রহস্য উন্মোচনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, মরদেহটি ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ফুলগাজী থানায় নিয়ে আসা হয়েছে। পিবিআই-এর ফরেনসিক তদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...